নিজস্ব প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রুমি এ হোসেন। তিনি বর্তমানে ব্যাংক এশিয়া পিএলসি–এর বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান শেখ বশিরউদ্দীন। তার পদত্যাগের পর বেশ কিছুদিন ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল। সেই শূন্যতাই পূরণ করতে অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব রুমি এ হোসেনকে দায়িত্ব দেওয়া হলো।
বিমানের পরিচালনা পর্ষদে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিত্ব রয়েছে। এতে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামানসহ বিভিন্ন খাতের উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন।
এছাড়া বোর্ডে আছেন ব্যবসায়ী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের সমন্বয়—যার মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক।
নতুন চেয়ারম্যানের আগমনে জাতীয় এয়ারলাইন্সটির পরিচালনায় নতুন গতি আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।