নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে শনিবার এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ী দৃশ্যের অবতারণা হয়। তরুণ শিক্ষার্থী রিজওয়ান রশিদের নিজ হাতে তৈরি ছোট রেসিং গাড়ি ‘গো-কার্ট’ চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পূর্ণ নিজস্ব নকশা ও শ্রমে তৈরি এই গো-কার্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে নিজেই গাড়িটিতে চড়েন এবং চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে অভিভূত হন রিজওয়ান রশিদ। তিনি জানান, নিজের তৈরি গাড়ি দেশের প্রধান নির্বাহী চালাবেন—এমন অভিজ্ঞতা তার কল্পনারও বাইরে ছিল। এটি তার জন্য এক অনন্য প্রেরণা হয়ে থাকবে।
রিজওয়ান বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে নিজেই গো-কার্ট চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। তার এই উদ্ভাবনের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণা। তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার উৎসাহেই তিনি এই কাজ শুরু করেন।
২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু সৃজনশীল করার পরিকল্পনা করেন রিজওয়ান। পরিবার থেকে মোটরসাইকেল কেনার সুযোগ পেলেও তার আগ্রহ ছিল গাড়ি তৈরিতে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের প্রচেষ্টা ও মেধায় তিনি তৈরি করেন এই গো-কার্ট।
গো-কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল উদ্যোগে আরও বেশি করে সম্পৃক্ত হওয়া প্রয়োজন, যা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।