নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা আজ বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গোলাম সারোয়ার মিলন দেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। এর আগে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনের রাজনীতিতেও যুক্ত ছিলেন।
১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন। পরবর্তীতে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন মিলন। তবে পরে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচনে অংশ নেন, তবে বিজয়ী হতে পারেননি।
তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।