ভিয়েতনাম সাধারণ ক্ষমায় বিদেশিসহ অন্তত তিন হাজার ৮০০ জন বন্দিকে মুক্তি দিচ্ছে। দেশটির সরকারি সূত্রের বরাতে সোমবার হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনাম ২০০৯ সাল থেকে ৯ বার বিশেষ ক্ষমা ঘোষণা করেছে। দেশটি ৯২ হাজারেরও বেশি বন্দিকে তাদের প্রত্যাশিত মুক্তির তারিখের আগে মুক্ত করেছে। তবে দেশটিতে কখনও কোনও রাজবন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়নি।
ভিয়েতনাম সরকারের সবশেষ সাধারণ ক্ষমা ঘোষণায়ও কমিউনিস্ট সরকার উৎখাত বা ‘সন্ত্রাসবাদের প্রচেষ্টা’য় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মুক্তিপ্রাপ্তির যোগ্য বলে বিবেচনা করা হয়নি।
খবরে বলা হয়েছে, এ বছর কম্বোডিয়া তিন হাজার ৭৬৫ বন্দিকে মুক্তি দেবে। তাদের মধ্যে চীন, আইসল্যান্ড, ভারত, লাওস, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০ জন নাগরিক রয়েছেন।
ভিয়েতনামের ২ সেপ্টেম্বর জাতীয় দিবসের পরে মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। দেশটির শীর্ষ নেতা টু লামের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে সেপ্টেম্বরের মাঝামাঝি দুই হাইপ্রোফাইল বন্দীর মুক্তির পর এ সাধারণ ক্ষমার ঘোষণা এলো।