আগামীকাল শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাতদিনব্যাপী সংলাপ। আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
সংলাপে অংশ নিতে এরইমধ্যে প্রস্তুত বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও দলটির রাষ্ট্র সংস্কার কমিটিতে আছেন এমন নেতারা।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। সংলাপে এ বিষয়টিই তুলে ধরা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বৈঠকে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে। বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হবে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার প্রস্তাব রাখা হবে।’
গত ২৯ আগস্ট অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করেছিল বিএনপির প্রতিনিধি দল।