নিজস্ব প্রতিনিধিঃ
দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২১২টি ডাবল কেবিন পিকআপ সংগ্রহ করা হবে। এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব যানবাহন সরবরাহ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে নতুন এসব পিকআপ কেনা হচ্ছে। নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।