লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাবে ইসরায়েলের ওপর আক্রমণ না করার জন্য ইরানকে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবের হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরের পথেই রয়েছে।
ফোনালাপে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলি হামলাটি পুরো বিষয়টাকে নাড়িয়ে দিয়েছে। এর কারণে চুক্তি স্বাক্ষর কয়েক ঘণ্টা পিছিয়ে গেছে। এটি এখনই হওয়ার কথা ছিল। এখন কয়েক ঘণ্টা পর হওয়ার কথা রয়েছে।’
তিনি আরও বলেন, বৈরুতে ইসরায়েলের হামলার বিষয়ে উপদেষ্টারা তাকে অবহিত করলে তিনি বিস্মিত হন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হন।
ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এই চুক্তি ইসরায়েলের জন্যও ইতিবাচক হবে। তার মতে, এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে, দেশটিকে তার পারমাণবিক উপকরণ অপসারণ করতে বাধ্য করবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক পরিদর্শনের সুযোগ দেবে।
তিনি ইঙ্গিত দেন, এসব শর্ত কার্যকর হলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিরও উন্নতি হবে।