রোববার (১৫ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরেই তিনি ঘোষণা করেন যে, ওয়াশিংটন ও তেহরান পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সংঘাত শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ দফার একটি সমঝোতা স্মারকে হরমুজ প্রণালিতে টোল ছাড়া পুনরায় নৌযান চলাচল চালু করা, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানি সম্পদ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার বিধান রয়েছে। শুক্রবার জেনেভায় একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে। ইরানও পারমাণবিক অস্ত্র থেকে বিরত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে বলে আশা করা হচ্ছে এবং চূড়ান্ত পারমাণবিক আলোচনা ৬০ দিনের মধ্যে শেষ হবে।
ট্রাম্প এরপর আলোচনায় অবদান রাখার জন্য পুতিন ও শির প্রশংসা করেন। তিনি শিকে “সম্পূর্ণ ভদ্রলোক” হিসেবে বর্ণনা করেন এবং বলেন, চীন “একটি ট্যাঙ্কার পাঠায়নি, তার দুই পাশে ২০টি করে ডেস্ট্রয়ারসহ, অবরোধ ভাঙার চেষ্টা করতে”—যা ওয়াশিংটন ও বেইজিংকে সরাসরি সংঘর্ষের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারতো।
ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে পুতিন ও ট্রাম্প অন্তত তিনবার ফোনে কথা বলেছেন—মার্চে, এপ্রিলের শেষ দিকে (যখন ট্রাম্প বলেছিলেন পুতিন যুদ্ধ শেষ করতে সাহায্যের প্রস্তাব দিয়েছেন), এবং আবার রোববার, যখন তারা প্রায় চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেন বলে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান।
মস্কো একটি পারমাণবিক সমঝোতার প্রস্তাবও দিয়েছে, যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার ভূখণ্ডে পরিবহন ও সংরক্ষণের কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন যে প্রস্তাবটি আলোচনা হয়েছে, তবে তিনি বলেছেন তেহরান এখনই এটি আলোচ্যসূচিতে তুলতে প্রস্তুত নয়। একই সঙ্গে তিনি “রুশ বন্ধুদের প্রস্তাব ও এই সমস্যা সমাধানে তাদের সহায়তার ইচ্ছার জন্য” ধন্যবাদ জানিয়েছেন।