জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।