নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টার দিকে তিনি সফরে রওনা হন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সেমিনারেও অংশ নেবেন মিয়া গোলাম পরওয়ার। আগামী শুক্রবার (১৫ মে) মালয়েশিয়ার International Institute of Advanced Islamic Studies আয়োজিত ওই সেমিনারে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
সেমিনারে ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখবেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনে বিভিন্ন দেশের ইসলামি চিন্তাবিদ, নীতিনির্ধারক ও গবেষকেরা অংশ নেবেন।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
দলীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা, ইসলামি শিক্ষা ও সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
সম্মেলন ও আনুষ্ঠানিক কর্মসূচি শেষে আগামী ২০ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে মিয়া গোলাম পরওয়ারের।