দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নেতারা। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এনসিপি বলেছে, ঐক্যের আলোচনার সঙ্গে রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টিও যুক্ত করতে হবে। তাঁর দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।
বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে আপস না করার আহ্বান জানায় এনসিপি। পাশাপাশি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধান সংশোধনসংক্রান্ত সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়ায় বাধা তৈরি করছে বলে মনে করে এনসিপি। এ কারণে কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের দাবি জানিয়েছে দলটি।
এ ছাড়া সীমান্ত পরিস্থিতি, ভারতের ভূমিকা এবং বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পরিসরে অপতথ্য ছড়ানোর অভিযোগও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থান, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।