রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায়—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, দেশে নতুন করে হত্যার রাজনীতি শুরু এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির আগে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, অতীতে ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন, গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডকে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ বলে উল্লেখ করেন। পাশাপাশি, দেশে অস্থিতিশীলতা তৈরির পেছনে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দিয়ে অন্য নেতাদের অবদান খাটো করে দেখানো হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাসও যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেন তিনি।