এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে; কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই।”
বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, দেশে এখনো হাসপাতালের আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্য বিদ্যমান রয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি এখনো পুরোপুরি বন্ধ হয়নি। মতপ্রকাশের স্বাধীনতাও সংকুচিত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, “সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হলে উন্নয়নমূলক সব উদ্যোগ প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একদিন এর জবাব দেবে।”
একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।