নিজস্ব প্রতিনিধিঃ
ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের কাছে নতুন একটি প্রস্তাব তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সাধারণ মানুষকে বিভিন্ন সেবায় সরকারের নানা কার্ড দেওয়া হলেও এবার প্রয়োজন ‘জাস্টিস কার্ড’, যা দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করবে।
বুধবার (২০ মে) রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেট এলাকায় এনসিপির এক পথসভায় তিনি এ প্রস্তাব দেন। দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পথসভায় সাম্প্রতিক সময়ে সাত বছরের শিশু রামিসার ধর্ষণের ঘটনা তুলে ধরে সরকারের তীব্র সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “জুলাই আন্দোলন মানুষ এজন্য করেনি যে, আজ একটি শিশুকে ধর্ষণের শিকার হতে হবে। বিচার না পাওয়ার ভয়ে যদি পরিবার হতাশ হয়ে পড়ে, তবে তা রাষ্ট্রের জন্য লজ্জাজনক।”
তিনি আরও বলেন, “আজ সাধারণ মানুষ সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ শুধু ক্ষমতার পরিবর্তন চায়নি, চেয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা।”
সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কার্ডভিত্তিক ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেট্রোল কার্ডসহ নানা কার্ড রয়েছে। কিন্তু এখন জনগণের সবচেয়ে বড় দাবি হওয়া উচিত ‘জাস্টিস কার্ড’, যেখানে সবাই দ্রুত ও নিরপেক্ষ বিচার পাবে।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা কেবল চাঁদাবাজের পরিবর্তন চাইনি, চেয়েছি চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হোক।”
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে জনগণ একদিন সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে।”
পথসভায় এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও বিচারব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘জাস্টিস কার্ড’ ধারণা তুলে ধরে বিচারব্যবস্থা ও জননিরাপত্তার ইস্যুকে রাজনৈতিক আলোচনায় সামনে আনার চেষ্টা করছে এনসিপি। সাম্প্রতিক কিছু আলোচিত ঘটনার পর বিচার নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে কেন্দ্র করেই এই রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে।