নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পিছন থেকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
বুধবার রাত পৌনে ৩টার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজারসংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মণ্ডলের ছেলে ও হানিফ পরিবহনের বাস সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে ও ট্রাকের হেল্পার হৃদয় (৩০)।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার এলাকায় চাকা পাংচার হলে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাস ও ট্রাক দুটিই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেল্পারসহ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে উত্তম মণ্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে হৃদয়ের মৃত্যু হয়। আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দাঁড়িয়ে থাকা বাসটিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।