নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যমান সংকটের মধ্যেও দেশের শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর ব্যক্তিমালিকানাধীন শিল্পকারখানাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। বর্তমান জ্বালানি সংকট সত্ত্বেও দেশের শিল্প উৎপাদন স্থিতিশীল রয়েছে। তিনি উল্লেখ করেন, রপ্তানি কিছুটা কমলেও তা জ্বালানি সংকটের কারণে নয়; বরং বিশ্ববাজারে চাহিদার মন্দাভাব এর জন্য দায়ী।
তিনি আরও জানান, শিল্প খাতকে টেকসই করতে স্বল্প জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণে এলএনজি আমদানি বৃদ্ধি এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় মজুদ সক্ষমতা বাড়ানোর উদ্যোগও গ্রহণ করেছে সরকার।
পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচি সফল হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির ওপর নির্ভরতা কমবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।