তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব প্রদেশের গভর্নরদের কাছে পাঠানো এক নির্দেশনায় জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে বড় পর্দায় খেলা দেখানোর অনুমতি দেওয়া যাবে না। সরকারের মতে, এ সিদ্ধান্তের ফলে শব্দদূষণ ও অতিরিক্ত যানজট কমবে, যা একই সময়ে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে।
তুরস্কে শনি ও রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ওয়াইকেএস (YKS)। প্রতি বছর লাখো শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ফলে পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে।
এর আগে দেশের বিভিন্ন শহর ও পৌরসভা প্যারাগুয়ের বিপক্ষে তুরস্কের ম্যাচ বড় পর্দায় সম্প্রচারের পরিকল্পনা করেছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষগুলো একে একে সেই আয়োজন বাতিল করেছে।
প্রায় ৮ কোটি ৬০ লাখ মানুষের দেশ তুরস্কে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। ২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর এবারই প্রথম দেশটি বিশ্বকাপের মূল পর্বে অংশ নিচ্ছে। তবে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এখন কিছুটা চাপে রয়েছে তুর্কি দল।
গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে তুরস্ক। একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্রও। ফলে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গত ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্কের ম্যাচ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হয়েছিল। রাজধানী ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরের পার্ক ও উন্মুক্ত স্থানে হাজারো সমর্থকের সমাগম ঘটে। দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের একটি ঐতিহাসিক অ্যাম্ফিথিয়েটারেও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেছিলেন।