আলমগীর কবীর হৃদয় পাবনা জেলা প্রতিনিধি :
সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ‘নোঙর’-এর আয়োজনে মৌলিক গানের সুরের মূর্ছনায় অনুষ্ঠিত হয়েছে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন সংগীতপ্রেমী দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শুরুতে নোঙরের মূখ্য সমন্বয়কারী অধ্যাপক হাসানুজ্জামান সূচনা বক্তব্য প্রদান করেন। এ সময় শিল্পী তারিফ হোসেনের সংগীতজীবনের নানা তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন পরিবেশ গবেষক গৌতম দাস।
সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদুর সঞ্চালনায় এবং সংস্কৃতিজন আশিকুর রহমান লুলুর সার্বিক দিকনির্দেশনায় এগিয়ে চলে সংগীতের এ মনোজ্ঞ আসর। শিল্পী তারিফ হোসেন একের পর এক মৌলিক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তোলে ওস্তাদ শওকত হোসেন খানের তবলার ব্যঞ্জনা।
অনুষ্ঠানের শেষে ভালো লাগার অনুভূতি ও আয়োজনের সফলতা নিয়ে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু, সিনিয়র সাংবাদিক এস. এম. রাজা, রাজনীতিবিদ আতাউর রহমান পাতা, সাংবাদিক সেলিম সরদার, শেখ মেহেদী হাসান, ড. রবিউল ইসলাম এবং আতাউর রহমান বাবলুসহ ঈশ্বরদীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগীতের পাশাপাশি কবিতা পাঠ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। স্বরচিত কবিতা আবৃত্তি করেন নোঙরের কবি যুধিষ্ঠির কর্মকার, ড. জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ওয়াজেদ বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে শিল্পী তারিফ হোসেন ও ওস্তাদ শওকত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জানান ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দীন আহমেদ। পরে উত্তরীয় পরিয়ে তাঁদের বরণ করে নেন নোঙরের অন্যতম কবি জাহিদুল ইসলাম রিপন ও রুহুল আমিন।
মৌলিক গান, কবিতা ও আন্তরিক সাংস্কৃতিক আবহে আয়োজিত এই একক সংগীত সন্ধ্যা উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।