• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

প্রতিবেদক / ৫ বার
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন হায়দরাবাদের একটি আদালতে সশরীরে হাজির হওয়ার নোটিশ পেয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শোতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় করা মামলায় আগামী সোমবার (২২ জুন) তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ ডিসেম্বর বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ বিশ্বব্যাপী মুক্তি পায়। এর আগের দিন ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির এক বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং অভিনেতা আল্লু অর্জুন। প্রিয় তারকাকে একনজর দেখতে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে তীব্র হুড়োহুড়ি শুরু হলে রেবতী নামে এক নারী পদদলিত হয়ে মারা যান। ওই মর্মান্তিক ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এই দুর্ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার অভিনেতার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করে। পরবর্তীতে ১৩ ডিসেম্বর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লু অর্জুনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। যদিও সেদিনই তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন, তবে আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে তাকে একরাত পুলিশ হেফাজতে কাটাতে হয়েছিল।

সম্প্রতি হায়দরাবাদের আদালতের কাছে সেই দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দিয়েছে স্থানীয় পুলিশ। জমা পড়া ওই চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই চার্জশিট আমলে নিয়েই আদালত তাদের সবাইকে তলব করেছে এবং আগামী সপ্তাহ থেকে এ মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

তদন্তকারী কর্মকর্তার দাবি, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন এবং বিশাল জনসমাগম হবে জেনেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের সামাল দিতে পর্যাপ্ত ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেনি, যার খেসারত দিতে হয়েছে এক নিরীহ প্রাণকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা