মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস লিখেছেন স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। বিশ্বকাপ জয়ের পর এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছে বার্সেলোনার এই তরুণ তারকার নাম।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইয়ামাল নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন—ব্যালন ডি’অর—জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেছেন।
বিশ্বকাপের পাশাপাশি এর আগেই স্পেনকে জিতিয়েছেন ইউরো ২০২৪। একই সঙ্গে হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। ক্লাব ফুটবলেও বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে।
ব্যক্তিগত পরিসংখ্যানও চোখ ধাঁধানো। সর্বশেষ মৌসুমে ১৬ গোল ও ১১ অ্যাসিস্ট করে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে করেছেন ৪৯ গোল, সঙ্গে রয়েছে ৪৪টি অ্যাসিস্ট।
বিশ্বকাপে হাঁটুর চোট নিয়েও ছিলেন স্পেনের অন্যতম সেরা পারফরমার। পুরো টুর্নামেন্টে সফল ড্রিবলের হিসেবে তার চেয়ে এগিয়ে ছিলেন শুধুমাত্র লিওনেল মেসি।
এদিকে ট্রান্সফারমার্কেটের সর্বশেষ মূল্যায়নে ২২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে নরওয়ের এরলিং হলান্ডের সঙ্গে যৌথভাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারও এখন লামিন ইয়ামাল।
সব মিলিয়ে, বিশ্বকাপ জয়, দুর্দান্ত পারফরম্যান্স এবং একের পর এক রেকর্ড—সবকিছুই ইঙ্গিত দিচ্ছে, ফুটবল ইতিহাসে নতুন এক কিংবদন্তির উত্থান হয়তো এখন শুধু সময়ের অপেক্ষা।