জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭, গাজীপুরে ১৮, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
এ ছাড়া বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।