বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি। শনিবার রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও দক্ষতা অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় জরুরি। শিক্ষার্থীদের শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে।
তিনি সতর্ক করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে না পারলে সনদধারী শিক্ষিতের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীগত ও ব্যক্তিগত দ্বন্দ্বের বাইরে রাখতে হবে। প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদার করে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।