সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে বুধবার এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।
ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, “আমরা আজ কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন জমা দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী আমরা বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা যাচাই-বাছাই করেছি এবং সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করেছি।”
তবে কতটি আসনে সীমানা পরিবর্তন আসছে, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
প্রসঙ্গত, দেশের ৭৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে ইসিতে জমা পড়ে ৬০০টিরও বেশি আবেদন। বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ তৈরিতে সাত সদস্যবিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করে ইসি। এ কমিটির আহ্বায়ক ছিলেন সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্র বিশেষজ্ঞ কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।
এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, “ভৌগোলিক অবস্থা, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং কমিশনের আইনি এখতিয়ার বিবেচনায় এনে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে।” সেই প্রেক্ষিতেই এ সুপারিশ তৈরি করেছে কারিগরি কমিটি।
কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।