আন্তর্জাতিক ডেস্কঃ
দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটি নিরাপত্তাজনিত কারণে পুরো আকাশসীমা বন্ধ করে দেয়। পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
যুদ্ধবিরতির পর কয়েক ধাপে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হলেও আন্তর্জাতিক যোগাযোগ ছিল বন্ধ। সর্বশেষ সিদ্ধান্তে আংশিকভাবে আন্তর্জাতিক আকাশপথ খুলে দেওয়া হলো।
কূটনৈতিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ চলছে। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন প্রতিনিধিদল স্টিভ উইটকফ ও জারেড কুশনারও পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, পুনরায় চালু হওয়া প্রথম আন্তর্জাতিক ফ্লাইটগুলো তেহরান থেকে তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত দিলেও পূর্ণ স্বাভাবিকতা ফিরতে আরও কূটনৈতিক অগ্রগতি প্রয়োজন।