নিজস্ব প্রতিনিধিঃ
২০২৪ সালের ৫ আগস্টের পর গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডিসিদের কাছে জেলাওয়ারি মামলার তালিকা চাওয়া হয়েছে। কোথাও কম, আবার মহানগরগুলোতে কিছুটা বেশি—সবই যাচাই করা হবে।”
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট কিছু মামলা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যেও অনেক ক্ষেত্রে অসংখ্য মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলায় প্রকৃত আসামি চিহ্নিত করতে তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে বিস্তারিত যাচাই করা হবে।
তিনি আরও বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের যেন আইনি প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়া যায়—সেই সুপারিশ করা হয়েছে।”
পুরো প্রক্রিয়াটি আইনানুগভাবে সম্পন্ন হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিসিদের কাছে তথ্য পাঠানোর সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তা পাঠাতে বলা হয়েছে। মৌখিকভাবে এক মাসের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বিলম্ব করলে ন্যায়বিচারের স্বার্থে তা বিবেচনায় নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে।