নিজস্ব প্রতিনিধিঃ
রাশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীর অংশগ্রহণ বহুগুণ বাড়াতে দুই দেশ নতুনভাবে উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে রাশিয়ায় কর্মরত প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর সংখ্যা আগামী এক বছরের মধ্যে এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ঢাকা।
রাশিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুশ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত বিবেচনার আশ্বাস দিয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন করার প্রত্যাশা করা হচ্ছে।
দুই দেশের আলোচনায় জনশক্তি রপ্তানি ছাড়াও বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে উভয় পক্ষই একমত হয় এবং তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
বাংলাদেশ থেকে রাশিয়ায় তৈরি পোশাক ও ওষুধসহ বিভিন্ন রপ্তানিপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। এ লক্ষ্যকে সামনে রেখে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল রাশিয়ায় পাঠানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মস্কো।
এছাড়া প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, কৃষি ও স্বাস্থ্যসেবায় এর ব্যবহার এবং বাংলাদেশে এ খাতে ‘সেন্টার অব এক্সেলেন্স’ স্থাপনের বিষয়ে রাশিয়ার আগ্রহ প্রকাশ পায়।
বাংলাদেশের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নীতিমালা প্রণয়ন ও উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে রুশ বিশেষজ্ঞ দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া পায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৭ জুন থেকে রাশিয়া সফরে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।