নিজস্ব প্রতিনিধিঃ
হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রস্তুতের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করে একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। সেই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় সিদ্ধান্ত হয়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে কৃষকদের ক্ষতি কমাতে ধান রোপণ ও ধান কাটার মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা করা হয়।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে অন্তত তিন মাস সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এছাড়া হাওরাঞ্চলের বিভিন্ন সংসদ সদস্যও সভায় অংশ নেন।