জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘের বার্ষিক সম্মেলনে সরাসরি অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।
বৃহস্পতিবার এএফপির এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলো মাহমুদ আব্বাসের অংশগ্রহণের অনুমোদন দিলেও তিনি ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, সংশ্লিষ্ট পক্ষগুলো প্রয়োজনীয় সংস্কার করেনি এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে মাহমুদ আব্বাসের সরাসরি উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।