নিজস্ব প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা উন্নয়ন এবং তাদের সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হলো শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করা। এ লক্ষ্যে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল’ উদ্যোগ চালু রয়েছে, যার মাধ্যমে একটি ট্যাবলেট কম্পিউটারের সাহায্যে শিক্ষকদের প্রশিক্ষণ আরও বিস্তৃত করা হবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে এবং কারিকুলাম ধীরে ধীরে ডিজিটাল রূপে রূপান্তরিত হবে। এতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে।
মাহদী আমিন বলেন, বিশেষভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা উন্নয়ন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানটির উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, সফট স্কিল উন্নয়ন, শিল্প–একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, এবং প্রাতিষ্ঠানিক সংস্কারসহ নানা বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।