নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কড়াইল বস্তিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পুনর্বাসনকে কেন্দ্র করে ‘শিশু স্বর্গ’ নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও ডা. জুবাইদা রহমান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কড়াইল বস্তির পরিবেশে এক ভিন্নমাত্রার মানবিক আয়োজনের চিত্র ফুটে ওঠে। উদ্বোধনের আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্থাপিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও সমাজে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকেরা জানান। এতে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, মানসিক বিকাশ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং পুনর্বাসন সহায়তার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও বিস্তৃত ও টেকসই সহায়তার পথ তৈরি করবে।