নিজস্ব প্রতিনিধিঃ
দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি আটজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বাসিন্দা। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রামের এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আসে ১ হাজার ১৯২ শিশু। তাদের মধ্যে ১ হাজার ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। গত একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪২২ শিশু। বিপরীতে সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, যেখানে সংখ্যা মাত্র সাতজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৩৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে ৫৫ হাজার ৬১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৪২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।