নিজস্ব প্রতিনিধিঃ
মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বিদেশগামী কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।
সোমবার ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
মালয়েশিয়ার শ্রমবাজার কবে চালু হতে পারে—এমন প্রশ্নের উত্তরে আরিফুল হক চৌধুরী বলেন, খুব দ্রুতই ইতিবাচক অগ্রগতি আসবে বলে সরকার আশাবাদী। আর সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ।”
২০২৪ সাল থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। সে সময় মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল, পূর্বানুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। এরপর নতুন করে কর্মী ভিসায় আর কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফা আলোচনা হলেও শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ এই জনশক্তির বাজার পুনরুদ্ধারে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়।
এ লক্ষ্যে চলতি বছরের এপ্রিলে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়া সফর করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার ধারাবাহিকতায় অচিরেই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।