রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদের সান্ত্বনা ও দ্রুত বিচারের আশ্বাস দেন। একইসঙ্গে রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বরের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ আরও অনেকে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনের আগেই রামিসার বাসার আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়।
শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।