বিনোদন ডেস্কঃ
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেয়েছে বহুল আলোচিত নতুন গান ‘সির সির’। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয়ের সঙ্গে এই গানে কণ্ঠ ও পারফরম্যান্সে যুক্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি সংগীতশিল্পী ভেজড্রিম। প্রকাশের পর থেকেই গানটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে।
বিশ্বকাপের উৎসবমুখর আবহকে কেন্দ্র করে নির্মিত মিউজিক ভিডিওতে ফুটে উঠেছে রঙিন আয়োজন, প্রাণবন্ত নৃত্য এবং ফুটবল উন্মাদনার দৃশ্য। জমকালো মঞ্চসজ্জা ও উদ্দীপ্ত কোরিওগ্রাফির মাঝে নোরা ফাতেহির নাচ দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। তার সঙ্গে সমানভাবে উপস্থিত ছিলেন সঞ্জয় ও ভেজড্রিম, যাদের সমন্বিত পারফরম্যান্স পুরো পরিবেশনায় এনেছে আন্তর্জাতিক আবহ।
গান প্রকাশের পর সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কয়েক মাসের পরিশ্রম ও বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতার ফল এটি। তিনি ভক্তদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করেন।
জানা গেছে, ‘সির সির’ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত অ্যালবামের অংশ হিসেবে জায়গা পেয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মার্কিন শিল্পী বিশ্বকাপের এই মর্যাদাপূর্ণ সংগীত প্রকল্পে যুক্ত হলেন। পাশাপাশি শোনা যাচ্ছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও এই শিল্পীদের পারফর্ম করার সম্ভাবনা রয়েছে।
এর আগে সঞ্জয় ও নোরা ফাতেহি একসঙ্গে কাজ করলেও তাদের পূর্ববর্তী একটি গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়। তবে নতুন গান প্রকাশের পর ইতিবাচক সাড়া সেই পুরোনো বিতর্ককে অনেকটাই ছাপিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।