নিজস্ব প্রতিনিধিঃ
বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান পদক্ষেপের অংশ হিসেবে পুলিশের আরও ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের পর অতিরিক্ত ডিআইজি, এসপি ও এএসপি পর্যায়ের এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হতে পারে। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, এসপি ও এএসপি পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, বিগত সময়ের দায়িত্ব পালন ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাকে “জনস্বার্থে” অবসরে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত থাকা একাধিক কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন।
এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে পুলিশের একাধিক দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এতে বাহিনীর অভ্যন্তরে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।