নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর পল্লবীতে সংঘটিত আলোচিত রামিসা হত্যাকাণ্ডের মামলায় আগামী রোববার (২৪ মে) এর মধ্যে চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে তিনি নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই পুলিশ মামলার চার্জশিট দাখিল করবে এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হবে। প্রয়োজনে এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইন সংশোধনের বিষয়টিও সরকার বিবেচনায় রাখবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের আরেক সন্তানের পড়ালেখাসহ সার্বিক দায়িত্ব গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।