নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তবে যেকোনো অন্যায়ের বিচার বা শাস্তি প্রদানের ক্ষেত্রে নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয় বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনো কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন রয়েছে। যেকোনো অন্যায়কারীর বিচার বা শাস্তি দিতে হলে সরকারের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। রাস্তা-ঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী।
এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।