নিজস্ব প্রতিনিধিঃ
দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা সবকিছু বোঝেন ও জানেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জনগণ কাউকে ক্ষমা করে না। আমরা ভুল করলে আমাদেরও ক্ষমা করবে না। তাই আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।”
গতকাল শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমাদের যে ছেলেরা রক্ত ও প্রাণ দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে আমরা যেন কখনো ম্লান হতে না দিই। আমাদের কারণে তা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেই পুরোনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না।”
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনাগুলো যেন জনকল্যাণে কাজে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিগত সরকারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সরকারের আমলে এলজিইডি বিভাগ থেকে কেবল পিরোজপুর জেলাতেই সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এসব বিষয়ে প্রকৌশলীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিতে হবে।” সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন দিগন্ত সৃষ্টি করার মাধ্যমে দেশকে দ্রুত সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আইইবি-র সামগ্রিক কার্যক্রম ও রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের ভূমিকার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।
আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।