নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণ নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি সই করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা যখন নিশ্চিত হবে যে কোনো চুক্তি দেশের স্বার্থ রক্ষা করছে, কেবল তখনই তা অনুমোদন দেওয়া হবে। এর বাইরে কোনো ধরনের চুক্তির সুযোগ নেই।
শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে চলমান আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এ ধরনের সিদ্ধান্ত শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক বিষয় নয়; এতে একাধিক সংস্থা যুক্ত থাকে এবং বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
সম্প্রতি গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা উঠে আসে। এর মধ্যে জিএসওএমআইএ ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনার অগ্রগতির কথাও বলা হয়।
জিএসওএমআইএ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে গোপন সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময়ের সুযোগ তৈরি হয়, যা একটি আইনি বাধ্যবাধকতামূলক নিরাপত্তা চুক্তি।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়াশিংটন সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।