নিজস্ব প্রতিনিধিঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আতাউর রহমান খান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মাহবুবুর রহমান মারা যান। তাঁর মৃত্যুর পর প্রায় এক মাস ধরে পদটি শূন্য ছিল। অবশেষে ঈদুল আজহার ছুটির আগেই নতুন সচিব নিয়োগের মাধ্যমে সেই শূন্যতা পূরণ করা হলো।