নিজস্ব প্রতিনিধিঃ
এবারের ঈদুল আজহার যাত্রাপথে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যবহৃত ‘মৃত্যুর মিছিল’ শব্দবন্ধে আপত্তি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দুর্ঘটনা অবশ্যই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত, তবে এগুলো প্রতিরোধে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সকালে রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাসের ধাক্কায় আকাশ পরিবহনের আরেকটি বাসের চার যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর ঈদযাত্রায় বাড়তে থাকা দুর্ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, “ঈদযাত্রায় ‘মৃত্যুর মিছিল’ শব্দ নিয়ে আমার আপত্তি আছে। দুর্ঘটনা ঘটেছে, কোনো দুর্ঘটনাই কাম্য নয়। অনাকাঙ্ক্ষিতভাবেই এসব ঘটনা ঘটে যায়।”
তিনি আরও বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন সড়কে প্রায় দেড় লাখ যানবাহন চলাচল করে। এত বিপুল সংখ্যক যান চলাচলের মধ্যে কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায়। তবে দুর্ঘটনা কমাতে সরকার নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী জানান, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয় বলে সরকারি হিসাব রয়েছে। এসব দুর্ঘটনার পেছনে অনেক সময় ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক কিংবা যাত্রীদের অসচেতনতা দায়ী থাকে। তাই মালিক, শ্রমিক ও যাত্রী—সব পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করে বলেন, দক্ষ ও অভিজ্ঞ চালকদের দিয়েই যানবাহন পরিচালনা করা হবে এবং সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিআরটিএ কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।