পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ।
বুধবার (৩ জুন) সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে একের পর এক যাত্রীবোঝাই লঞ্চ ভিড়তে দেখা যায়। যাত্রীদের উপস্থিতিতে সকাল থেকেই মুখর হয়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ এ নৌ-টার্মিনালটি।
যাত্রীরা বলছেন, ব্যক্তিগত কারণ কিংবা বাড়তি ছুটি থাকায় যারা ঈদের পরপরই ঢাকায় ফিরতে পারেননি, মূলত তারাই এখন কর্মস্থলে যোগ দিতে ফিরছেন। টার্মিনালে আসা যাত্রীরা জানান, লঞ্চে অতিরিক্ত ভিড় কিংবা নদীপথে বড় কোনো বিড়ম্বনা না থাকায়, অত্যন্ত স্বস্তিদায়কভাবে তারা ঢাকায় এসে পৌঁছাতে পেরেছেন, এমনকি এবার ঘাট কিংবা লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগও নেই।
এদিকে, ঈদ পরবর্তী এই ফিরতি যাত্রায় যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এবং ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক তৎপর রয়েছে কোস্টগার্ড ও প্রশাসনের বিভিন্ন ইউনিট।