এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বনগ্রাম বাজারে এই সংঘর্ষের
ঘটনার ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম উপজেলার ধুলাদিয়া ইউনিয়নে একটি সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে তার বনগ্রাম বাজারে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে সরাসরি চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করেন, সংসদ সদস্যের উপস্থিতিতে বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিএনপি নেতা মুঞ্জুরুল হক পিন্টু। তিনি এর প্রতিবাদ করলে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এমপি চলে যাওয়ার পর পিন্টুর সমর্থকরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে যাতে আর না বাড়াবাড়ি না হয় এবং শান্তিপূর্ণভাবে সমাধান হয়, সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও যুবদল সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ঘটনাস্থলে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।