• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মতলবে আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি, বাড়ছে জনআস্থা

প্রতিবেদক / ৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিণ সংবাদদাতা

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক-এর নেতৃত্বে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি হাফিজুর রহমান মানিক থানাকে দালাল মুক্ত জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। থানায় আগত সেবা প্রত্যাশীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

মতলব দক্ষিণ থানা এলাকায় হত্যা মামলা, মাদক, চুরি, জুয়া, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ওসি হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় থানার পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে অপরাধীদের আইনের আওতায় আনতে সচেষ্ট রয়েছেন। ফলে এলাকায় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে থানা পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ঈদ, পূজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

গত ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ হতে অদ্যবধি পর্যন্ত ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত বিপুল সংখ্যক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, এই সময়ে জিআর ও সিআর পরোয়ানা, জিআর সাজা ও সিআর সাজা পরোয়ানামূলে সর্বমোট ৫২ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ৫০ জন এবং মাদক মামলায় ৬৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৩৬১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ কেজি ১৭৬ গ্রাম গাঁজা।

মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় মতলব দক্ষিণ থানা পুলিশ। বিভিন্ন অভিযানে পাঁচঘড়িয়ার ৬টি মাদক মামলার আসামী মোঃ আওলাদ খাঁন, দক্ষিণ বাইশপুরের ৮ মামলার আসামী আক্তার গাজী, পাটন এলাকার ১৫টি মাদক মামলার আসামী মেজর ডালিম, চাপাতিয়ার ২৮টি মাদক মামলার আসামী শাহনাজ আক্তার ও মর্জিনা আক্তার, খিদিরপুরের ইব্রাহিম খলিল পাটোয়ারী, ২২ মামলার আসামী জহির মিজি, নায়েরগাঁওয়ের সাইফুল ইসলাম, ঘিলাতলীর রহমত আলী এবং চারট ভাঙ্গার সবুজসহ একাধিক চিহ্নিত মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।

এছাড়াও চোর, ডাকাত, দস্যুতা ও কিশোর গ্যাং দমনে পরিচালিত অভিযানে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ২টি ডাকাতি ও ৯টি মাদক মামলার আসামী নায়েরগাঁও এলাকার মোঃ শামীমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ডাকাতির সাথে সম্পৃক্ত শাহজাহান ও বাবু ঢালীকেও আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।

মতলব দক্ষিণ থানা পুলিশের তৎপরতায় আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনেও দ্রুত সাফল্য আসে। গত ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ নারায়ণপুর প্রধানিয়া বাড়ির ইয়াকুব প্রধানের গরুর খামারের শ্রমিক মনজিল শেখ হত্যা মামলার পলাতক আসামী সাগর হোসেনকে ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের এমন দ্রুত অভিযানে স্থানীয়দের মাঝে প্রশংসা সৃষ্টি হয়েছে।

অপরদিকে, ডিএমপি বিমানবন্দর থানার একটি চাঞ্চল্যকর চুরির মামলায় হাজী ক্যাম্প থেকে চুরি যাওয়া ২২ হাজার সৌদি রিয়াল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ ঘটনায় মূল দুই আসামী হাবিবুর রহমান ও নাদিমকে ৩ মে ২০২৬ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মাদক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনাতেও সক্রিয় ভূমিকা পালন করেছে থানা পুলিশ। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত অভিযানে ঢাকিরগাঁও নওরিণ ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমানকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, মোঃ সৈকতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ‘বায়ান্ন ভিসা রাসেল’কে মাদকসহ আটক করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দক্ষ নেতৃত্ব, সাহসী পদক্ষেপ এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কারণেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাস দমনে পুলিশের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা