প্রথমবার তিন আয়োজক দেশ কিংবা শুধু ৪৮ দলের অংশগ্রহণের জন্যই নয়, প্রযুক্তিগত উদ্ভাবনের কারণেও ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’ হবে একটি ব্যাটারিচালিত স্মার্ট বল, যা ম্যাচ পরিচালনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাকে আরও নির্ভুল করতে সাহায্য করবে।
দীর্ঘদিনের ফিফার অংশীদার অ্যাডিডাসের তৈরি এই বলে রয়েছে ৫০০ হার্টজ গতির একটি উন্নত মোশন সেন্সর, যা বলের প্রতিটি স্পর্শ, গতিপথ ও নড়াচড়া তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ভিএআর সিস্টেমে তথ্য পাঠাবে। এর মাধ্যমে অফসাইড, হ্যান্ডবলসহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেয়া সম্ভব হবে।
অ্যাডিডাস জানিয়েছে, বলটির সেন্সর সচল রাখতে ম্যাচের আগে বিশেষ চার্জিং স্টেশনে বলগুলো চার্জ করা হবে। একবার পূর্ণ চার্জে বলটি টানা প্রায় ছয় ঘণ্টা সক্রিয়ভাবে ব্যবহার করা যাবে। মাঠের বাইরে গেলে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ‘হাইবারনেশন মোডে (নিষ্ক্রিয় অবস্থা)’ চলে যায়, ফলে ব্যাটারির স্থায়িত্ব কয়েক দিন পর্যন্ত বজায় থাকে।
বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথম স্মার্ট বল নয়। ২০২২ কাতার বিশ্বকাপেও সংযুক্ত প্রযুক্তির বল ব্যবহার করা হয়েছিল। তবে নতুন ট্রাইওন্ডায় সেন্সরটি বলের কেন্দ্রের পরিবর্তে পাশে স্থাপন করা হয়েছে, যা তথ্য সংগ্রহের সক্ষমতা আরও উন্নত করেছে।
প্রযুক্তির পাশাপাশি নকশাতেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। লাল, সবুজ ও নীল রঙের সমন্বয়ে তৈরি বলটিতে কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা চিহ্নের প্রতীকী ব্যবহার রয়েছে। ‘তিন তরঙ্গ’ বা ‘থ্রি ওয়েভস’ ধারণা থেকেই এসেছে ‘ট্রাইওন্ডা’ নামটি।
এদিকে বাজারেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে এই বল। অ্যাডিডাস ট্রাইওন্ডা চারটি সংস্করণে পাওয়া যাবে—প্রো, কম্পিটিশন, লীগ ও ক্লাব। এর মধ্যে ‘প্রো’ সংস্করণটি বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, যেখানে সংযুক্ত সেন্সর প্রযুক্তি এবং ফিফা কোয়ালিটি প্রো সার্টিফিকেশন রয়েছে।
সংস্করণভেদে বলটির দাম প্রায় ২৫ থেকে ১৭০ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন প্রো সংস্করণের মূল্য ১৫০ থেকে ১৭০ ডলার। আর সাধারণ ব্যবহারকারীদের জন্য লীগ ও ক্লাব সংস্করণের দাম ২৫ থেকে ৬০ ডলারের মধ্যে।
ফিফা ও অ্যাডিডাসের অনলাইন স্টোর ছাড়াও অনুমোদিত ক্রীড়া সামগ্রীর বিক্রেতাদের কাছে বলটি পাওয়া যাবে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, ততই এর চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।