মোঃ আহসান হাবীব সুমন,জেলা প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামালপুর জেলা ইউনিটের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে তাঁর গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামালপুর জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল হাই (১)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান (বাবু)।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।