নিজস্ব প্রতিনিধিঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিমানবন্দরের কার্গো শেডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১টা ২৪ মিনিটে ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো শেডের মালামাল রাখার অংশে আগুন লাগার খবর পাওয়া যায়। মাত্র ৩ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে এর সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, “আগেও এখানে অগ্নিকাণ্ড ঘটেছে। তদন্তে শর্ট সার্কিট বলা হয়েছিল। যদি আবারও একই কারণে ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই কোথাও গাফিলতি রয়েছে। প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।