আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো স্থল অভিযান চালানোর পরিকল্পনা নেই। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা শেষ না হওয়া পর্যন্ত মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত থাকবে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, স্থল বাহিনী ব্যবহারের বিষয়টি তাত্ত্বিকভাবে বিবেচনায় থাকলেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র বর্তমানে সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ ও অর্থনৈতিক চাপকেই প্রধান কৌশল হিসেবে অনুসরণ করছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে মোতায়েন প্রায় ৫০ হাজার মার্কিন সেনা সম্পূর্ণ নিরাপদে রয়েছে এবং তাদের কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সেনা উপস্থিতি বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এতে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ট্রাম্প সেই আশঙ্কাকে ভিত্তিহীন বলে দাবি করেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক জড়িত থাকার সীমা নির্ধারণের ইঙ্গিত দিলেও একই সঙ্গে ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি মার্কিন সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।