যশোর প্রতিনিধিঃ
নড়াইলের পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের ছোট ছেলে ওমর ফারুক (২) এবং তার বড় ছেলে আবু বক্কর (৫)।
পরিবার সূত্রে জানা যায়, সকালে মা ডলি বেগম দুই সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে ঘুমাতে যান। খাওয়ার পর খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে ঘুম থেকে উঠে মা সন্তানদের ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাকসী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।