• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

প্রতিবেদক / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

জেলার কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে, এতে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস, মনোহারী ও আসবাবপত্রের দোকানসহ সাতটি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন লাল মোহন, রতন দাস, রেজাউল করিম, চাঁন মিয়া, লাল মিয়া, রিপন ও শাহজাহান। তারা জানান, দোকানে থাকা নগদ অর্থ, পণ্যসামগ্রী ও সরঞ্জামসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে। অনেকেই বলেন, এ ক্ষতি তাদের জীবিকার ওপর বড় আঘাত হেনেছে এবং পুনরুদ্ধারের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।
ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া জানান, তার প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইলেকট্রনিকস ব্যবসায়ী রিপন বলেন, তার দোকানের কয়েক লাখ টাকার মালামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে রেজাউল করিম জানান, তার বিকাশ লেনদেনসহ দোকানের সব পণ্য পুড়ে যাওয়ায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সব দোকানই সম্পূর্ণভাবে পুড়ে যায়।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা